ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যুবদল নেতা সালেহ আকরাম খান তসলিমের বিরুদ্ধে মৎস্য খামার জোরপূর্বক দখল, মাছ লুটপাট, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (১৩ মে) ময়মনসিংহ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তুষার খান অভিযোগ করেন, গফরগাঁও উপজেলার পাগলা থানার স্বল্পতালিলা এলাকায় তাদের নিজস্ব ও ভাড়াকৃত জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছিলেন তারা। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যুবদল নেতা সালেহ আকরাম খান তসলিম সন্ত্রাসী বাহিনী নিয়ে খামারটি জোরপূর্বক দখল করে নেন।
তিনি জানান, খামার দখলে বাধা দিলে তার বড় ভাই সারোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযুক্ত তসলিম আগে ওই জমির লিজ নিয়েছিলেন। তবে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জমির মালিকদের পাওনা পরিশোধ করেননি। পরে জমির মালিকরা নতুন করে ভুক্তভোগী পরিবারকে জমি লিজ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের নানাভাবে হুমকি দিতে থাকেন।
ভুক্তভোগীদের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে খামার থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান এবং তাদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় পাগলা থানায় মামলা করা হয়েছে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার খামার দখলমুক্ত করা, লুট হওয়া মাছের ক্ষতিপূরণ আদায়, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

