নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী–এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক–এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে রাত ১০টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মো. মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার মুরাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার ২ নম্বর ঢাকেশ্বরী (চেয়ারম্যান অফিস) এলাকায়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

