শুক্রবার, ৮ মে ২০২৬

কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল

কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় আদালতের নির্দেশে তদন্তভার পাওয়ার পর দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলা। এ সময় লুট হওয়া একটি স্মার্টফোন উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পিবিআই জানায়, গত ২৩ মার্চ গভীর রাতে যমুনা ও সেনা এলপি গ্যাসের স্থানীয় ডিলার মো. জহরুল হক হাওলাদার ব্যক্তিগত প্রাইভেটকারে ঢাকা থেকে লালমাই যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কেশনপাড়া জ্যাতব্বল বৌদ্ধবিহার সংলগ্ন এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে।

পরে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে জহরুল হক ও তার চালক সাইফুল ইসলামকে জিম্মি করে নগদ ৯ লাখ ২৫ হাজার টাকা এবং চারটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী জহরুল হক হাওলাদার লালমাই থানায় মামলা দায়ের করেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটির তদন্তভার পিবিআই কুমিল্লা জেলাকে দেয়।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা কোতোয়ালী থানার ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত মো. একরাম হোসেন (ব্রাহ্মণবাড়িয়ার সরাইল) ও মো. শাহাজান মিয়া (হবিগঞ্জের নবীগঞ্জ) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, গ্রেফতারকৃত একরাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনায় জড়িত অন্য ডাকাতদের নামও উল্লেখ করেছেন।

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন