শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ৮ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)। সোমবার (৪ মে) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. কাউছার (৫০) ও মো. কামালকে (৫১)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের দেখানো মতে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি EPSON রঙিন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন