অনুসরণ করুন:
রবিবার, ৩ মে ২০২৬

পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি

ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মো. রনি মিয়া (২৬) কোতোয়ালী থানার মীরকান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে শনিবার (২ মে) ভোররাত ৪টা ১৫ মিনিটে শম্ভুগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, গত ৩০ জানুয়ারি ময়মনসিংহের মীরকান্দাপাড়া গ্রামে নূরজাহান (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। দুই দিন ধরে খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে রান্নাঘরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের মেয়ে নূরুন্নাহার বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে চাঞ্চল্যকর এ মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব নেয়।

তদন্তে জানা যায়, আসামি রনি মিয়া স্থানীয়ভাবে নিহতকে ‘নানী’ বলে ডাকত এবং প্রায়ই তার বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে সে নূরজাহানের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। ঘটনার দিন রাতে টাকা ফেরত চাইলে রনি তা দিতে অস্বীকার করে। এ সময় নূরজাহান তাকে বিভিন্ন বিষয়ে হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে রনি হত্যার পরিকল্পনা করে।

পরে রাতের এক পর্যায়ে নূরজাহান ঘরের বাইরে ফোনে কথা বলার সময় রান্নাঘরের শিলপাটা দিয়ে তার মাথায় আঘাত করে রনি। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আরও আঘাত করে নিশ্চিতভাবে হত্যা করা হয়। এরপর মরদেহটি রান্নাঘরের পাশে খড় দিয়ে ঢেকে রেখে নিহতের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় আসামি।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার পর আসামি স্বাভাবিক জীবনযাপন করছিল। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন