অনুসরণ করুন:
রবিবার, ৩ মে ২০২৬

রাজধানীজুড়ে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় ৫৮ চাঁদাবাজসহ দেড় শতাধিক গ্রেপ্তার

রাজধানীজুড়ে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের প্রথম ৪৮ ঘণ্টায় ৫৮ জন চাঁদাবাজসহ মোট ১৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চাঁদাবাজদের পাশাপাশি তাদের ৯৪ জন সহযোগীকেও আটক করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, ১ মে থেকে শুরু হওয়া এই অভিযান দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অংশ। নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের মূলোৎপাটনে এ অভিযান জোরদার করা হয়েছে।

তিনি বলেন, চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকেড, তল্লাশিচৌকি স্থাপন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজনদের যাচাই-বাছাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। বড় অপরাধীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।

অভিযানে ডিবি, সিটিটিসি ও সাইবার ইউনিট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের গতিবিধি নজরদারি করছে বলে জানান তিনি। রাজধানীর বড় বাজার, বিপণিবিতান ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত টহল ও ঝটিকা অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বড় ধরনের মাদক চালানও আটক করা হয়েছে বলে জানান ডিএমপি প্রধান।

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বর্তমানে শীর্ষ সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে না, বরং নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। এছাড়া মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রায়েরবাজার এলাকায় নতুন একটি থানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন