শুক্রবার, ১ মে ২০২৬

ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ থানার এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. আনুমানিক ১৪:২০ ঘটিকায় মাহিগঞ্জ থানা এলাকায় একজন অটোরিক্সা চালকসহ যাত্রীবেশে থাকা তিনজন ছিনতাইকারী একটি অটোরিক্সায় আরোহী এক মহিলার নিকট হতে একজোড়া স্বর্ণের বালা ও একজোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীকে মাহিগঞ্জ বাজার থেকে বড়দরগাগামী আঞ্চলিক সড়কের মহিন্দ্রা এলাকায় নামিয়ে দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভুক্তভোগী মাহিগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে থানার একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকা থেকে মোঃ শাহীন আলম (৩৮), পিতা: মৃত জয়নুল আবেদীন, সাং: তালুক শাহাবাজ, থানা: কাউনিয়া, জেলা: রংপুরকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপর আসামী মোঃ আপেল মিয়া (৩২), পিতা: মোঃ আনোয়ার হোসেন, সাং: গংগানারায়ন, থানা: কাউনিয়া, জেলা: রংপুরকে কোতোয়ালী থানাধীন ধাপ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ছিনতাইকৃত সকল স্বর্ণালংকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাহিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন