বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, ১৩ কর্মকর্তার রদবদল

ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদের সই রয়েছে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের আরও ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে এপিবিএন-৫-এর অধিনায়ক করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন-১২-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া এপিবিএন-১৩-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মহানগর পুলিশ-এর যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন