শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দেশের ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

রেলযোগাযোগে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাহিনী সূত্রে জানা গেছে, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সদস্যদের মোতায়েন করা হয়।

নিরাপত্তা তদারকিতে দায়িত্বে কর্মকর্তারা

মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুট্যান্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।

সাধারণ যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখাই এ মোতায়েনের লক্ষ্য বলে জানিয়েছে বাহিনী।

আগেও ৯ জেলায় ৫৯ প্লাটুন মোতায়েন

এর আগে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

রায়ট কন্ট্রোলে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন