বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক দিনে ৩৯টি দলের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের ৩৯টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজার, বিভিন্ন ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

যেসব অনিয়মে নজরদারি

অধিদপ্তর জানায়, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি বন্ধে এ কার্যক্রম চালানো হয়।

এ ছাড়া ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার বিষয়েও তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

ভোক্তাদের জন্য অধিদপ্তরের পরামর্শ

জনসচেতনতা বাড়াতে অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে। পণ্য কেনায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন