নতুন বেতন কাঠামো নিয়ে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, প্রস্তাবটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের দাবি, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই।
সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। বৈঠকের বিরতিতে বিকেল পৌনে ৫টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ডের সদস্যরা।
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সভার আলোচনা এখনো চলছে। মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তাঁদের বিশ্লেষণী মতামত দিচ্ছেন। মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে এবং সেটি নিয়ে আলোচনা হচ্ছে। বোর্ডের পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্তও সভায় উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, আজকের পর খুব শিগগিরই বোর্ডের চতুর্থ সভা হতে পারে। সেটি আগামীকাল কিংবা কয়েক ঘণ্টার মধ্যেও হতে পারে।
মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে আজাদ সুবহানী বলেন, ‘মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমরা এখনই জানাচ্ছি না—এটি বোর্ড সভার সিদ্ধান্ত। আমরা এই মুহূর্তে এটি প্রকাশ করছি না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অঙ্কের প্রস্তাব ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কিছু প্রকাশ করলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য নয়। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়েই বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা ও শ্রম আইনের বিধান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেটা বেআইনি হয়, যেটি অবাস্তব হয়।’
সাংবাদিকেরা মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার ৩০০ বা ১৪ হাজার ৫০০ টাকা কি না, জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এটি একেবারেই অবাস্তব।’
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হবে কি না, এমন প্রশ্নে আজাদ সুবহানী বলেন, ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি ও বোর্ডের অন্য সদস্যরা। তাঁদের সর্বোচ্চ আইনি ক্ষমতা প্রয়োগ করে শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
শ্রমিক প্রতিনিধির দাবি, প্রস্তাব গ্রহণযোগ্য নয়
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ সাধারণত কম অঙ্ক দিয়ে প্রস্তাব দেওয়া শুরু করে। তবে এটিই চূড়ান্ত প্রস্তাব নয়। মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের কাছে যুক্তিসংগত মনে হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, শ্রমিকদের পক্ষে মজুরির বিষয়টি নিশ্চিত করে দ্রুত আলোচনা শেষ করতে চান তাঁরা। মালিকপক্ষের প্রতিনিধিরাও দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব তাঁদের কাছে গ্রহণযোগ্য হয়নি। শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। তাই দুই পক্ষই নতুন করে প্রস্তাব সংশোধনের কাজ করছে।
তিনি বলেন, ‘নতুন করে একটা রিভাইজ প্রপোজাল নিয়ে আমরা অলরেডি কাজ করছি, আজকেই আমরা দেব। আবার মালিকপক্ষ থেকেও আমরা আশা করি একটা রিভাইজ প্রপোজাল দেবে। আমরা সেটা নিয়ে আলোচনা করব।’
মালিকপক্ষের প্রস্তাব কেন অযৌক্তিক মনে হচ্ছে, জানতে চাইলে বাবুল আখতার বলেন, ‘আমরা যে দাবিটা দিয়েছি শ্রমিকদের পক্ষে, তো সেটার ধারেকাছেও নেই।’
বোর্ড গঠন ও মজুরি প্রস্তাবের পটভূমি
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, পোশাক মালিকদের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
এরপর ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে ওই সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চলে আবারও অস্থিরতা দেখা দেয়। স্থগিত হওয়া সেই সভাই সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

