পেছন থেকে ধাক্কা দেয় নম্বরবিহীন পিকআপ; আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর রাস্তার মাথায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার এ তথ্য জানান।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক আব্দুল মতিন (৩৫) এবং হিঙ্গলা এলাকার আহসানুল্লাহর ছেলে মোহাম্মদ আরিফ (৩০)।
আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুব (৩৯)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই যাত্রী রাসেল (৪) ও সুফিয়া বেগম (৫০) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার বলেন, নম্বরবিহীন একটি পিকআপ পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

