রাজধানীর পল্টন টাওয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জব্দ ১৪টি পাসপোর্ট, সিলগালা প্রতিষ্ঠান
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীতে ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
লাইসেন্স ছাড়াই চলছিল প্রতিষ্ঠান
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।
এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন তিনি। অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
প্রতারণায় জিরো টলারেন্স: মন্ত্রী
অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

