রবিবার, ২২ নভেম্বর ২০২৬

টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে। পালিয়ে গেছেন মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)। তারা দুজনই অটোরিকশাচালক।

যেভাবে অভিযান চালানো হয়

বিজিবি জানায়, শনিবার রাতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের তথ্য পায় তারা। এর ভিত্তিতে ওই এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। চালকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিস্ফোরক ও অস্ত্রের পরিমাণ

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে প্লাস্টিক বিস্ফোরক ৩ কেজি ৭০৯ গ্রাম, গানপাউডার ৩ কেজি ১৭২ গ্রাম, মোটা দানার বিস্ফোরক ১ কেজি ৮৫২ গ্রাম, মাঝারি দানার বিস্ফোরক ২ কেজি ৭০৮ গ্রাম এবং মিহি দানার বিস্ফোরক ২ কেজি ৪৯ গ্রাম উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪টি গুলি।

এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল, তিন কেজি পেরেক, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স এবং ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স জব্দ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটক দুজন, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন