ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে মিছিল করেন শ্রমিকেরা। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়লে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে থাকেন।
কয়েকটি কারখানায় কর্মবিরতি
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধভাবে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন।
এ সময় প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। তখন শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান।
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ
একপর্যায়ে শ্রমিকেরা আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন।
পরে সেখানে পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাঁদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

