কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে হামলার অভিযোগ, হতাহতের ঘটনা নেই
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির।
যেভাবে ঘটে হামলা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে উপজেলার চৌমুহনীর কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী মিছিল বের করেন।
মিছিলটি বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকায় পৌঁছালে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে মিছিলকারীরা ভবনের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
মিছিলকারীরা চলে যাওয়ার পর ব্যাংকের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন বলে জানায় পুলিশ।
পুলিশের বক্তব্য
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

