ভাটারায় পৃথক অভিযানে আরও একাধিক মামলার আসামি গ্রেপ্তার
রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের আগমুহূর্তে ছাত্রলীগের ওই সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও মুফতি রুহুল আমিন (৬২)।
ককটেলসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ককটেল বিস্ফোরণের আগমুহূর্তে দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তাঁর কাছ থেকে লাল ও হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি।
পৃথক অভিযানে আরও একজন গ্রেপ্তার
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

