ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিসংযোগ; নাজিরপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে সড়কের পাশের চারটি দোকানও।
পিরোজপুর শহরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরে এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সহকারী মো. সিয়াম মারা গেছেন।
নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।
দুটি বাসে অগ্নিসংযোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয়। বাস দুটি হলো বরিশাল মালিক সমিতির মালিকানাধীন ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির মালিকানাধীন ‘লিসা’।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আশপাশের বাসের ভেতরে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা।
নাজিরপুরে চার দোকানে আগুন
এদিকে জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

