মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রাথমিকের বই ৩১ অক্টোবরের মধ্যে, মাধ্যমিকের বই নভেম্বরের মধ্যে উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর পরিকল্পনা

ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে বই উপজেলা শিক্ষা অফিসগুলোতে পৌঁছে দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা ফল প্রকাশের দিনই নতুন বই হাতে পেতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে প্রাথমিকের এবং নভেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই উপজেলা শিক্ষা অফিসগুলোতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফলের দিনই নতুন বই হাতে পাবে।

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের তাগিদ

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এ জন্য সঠিক পদ্ধতিতে এগোতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে আধুনিকায়ন করতে বাজেট বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে সাজানো হচ্ছে। সারা দেশের ৯টি পলিটেকনিক কলেজ আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে সরকার। পুরো কারিগরি শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষায় এআই ব্যবহারের পরিকল্পনা

প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থার মাধ্যমে শিক্ষাকে কীভাবে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে।

পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও পরিকল্পনার কথা জানান তিনি। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

অতীতের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে রেখে যাওয়া শিক্ষাব্যবস্থা পরবর্তী সময়ে পিছিয়ে নেওয়া হয়েছিল। শিক্ষাব্যবস্থার পরিবর্তনের দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন পরিকল্পনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন হয়েছে। এ প্রকল্পের আওতায় একাডেমিক ভবন-৩ নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি বরাদ্দ এবং দুটি ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জনবল সংকট নিরসনের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

নবীনদের বৈশ্বিক শিক্ষার সঙ্গে তাল মেলানোর আহ্বান

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, এই নবীনরাই আগামীর বাংলাদেশ। তাই তাঁদের বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

এর আগে দুপুর ১২টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন