মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের এআই-নির্ভরতা কমিয়ে জ্ঞান অর্জনের আহ্বান: শিক্ষামন্ত্রী

শুধু তথ্য জানলেই হবে না, এআইকে বিচার করার সক্ষমতাও থাকতে হবে শিক্ষার্থীদের—গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান

শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শুধু তথ্য থাকলেই চলবে না, অর্জন করতে হবে জ্ঞান। আর জ্ঞানের পাশাপাশি থাকতে হবে প্রজ্ঞাও।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এআই ব্যবহারে থাকতে হবে বিচার করার সক্ষমতা

শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটের উপাচার্য তাঁকে জানিয়েছেন, যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের ভর্তি করা হলেও শ্রেণিকক্ষে অনেকের শেখার সক্ষমতা দুর্বল দেখা যাচ্ছে। বিষয়টি জানতে চাইলে তিনি জানতে পারেন, শিক্ষার্থীরা মুখস্থ করে আসছে; কিন্তু পরবর্তী পাঠের সঙ্গে তাল মেলাতে পারছে না।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “মুখস্থতে আর চলবে না। জ্ঞান অর্জন করতে হবে এবং এই এআইকে বিচার করার মতো সক্ষমতা তোমাদের মধ্যে থাকতে হবে। এআই দিয়ে শুধু ঘন ঘন রিপোর্ট লিখলেই চলবে না।”

‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে

শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে রোববারও গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। কীভাবে শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায় এবং আধুনিক পদ্ধতি ও এআই ব্যবহার করে শিক্ষার্থীদের শেখা ও শিক্ষকদের পাঠদান সহজ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ধারায় যেভাবে পড়াশোনা শেখানো হয়েছে এবং এখনো শেখানো হচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। এটি তাঁদের প্রথম দায়িত্ব। গতানুগতিক পদ্ধতিতে আর চলার সুযোগ নেই। এ জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। তবে বিগত সময়ে অনেক কিছু নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০টি বাস দেওয়া এবং ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের নিজ হাতে ১ হাজার ৫০০টি কম্পিউটার বিতরণের মতো উদ্যোগ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত শিক্ষার বিষয়ে খোঁজখবর রাখেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। এরপর বিজ্ঞানীদেরও পুরস্কৃত করা হবে। সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন