আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে কর্মসূচি; নাশকতা ঠেকাতে প্রতিটি মহল্লায় পাহারার ঘোষণা নেতাদের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার খালিশপুরে মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদলের খালিশপুর থানা শাখা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে খালিশপুরের প্লাটিনাম জুট মিল গেট থেকে মোটরসাইকেল মহড়া শুরু হয়। খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী নাজমুল হোসেন বাবুর নেতৃত্বে মহড়াটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
নাশকতা প্রতিরোধের ঘোষণা
সমাবেশে প্রধান বক্তা ছিলেন খালিশপুর থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী নাজমুল হোসেন বাবু। তিনি বলেন, খালিশপুরের মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, ‘আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করব। কিন্তু কেউ যদি খালিশপুরে অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
যুবদলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মহল্লায় ও মোড়ে যুবদলের কর্মীরা পাহারায় থাকবেন, যাতে কেউ নাশকতা করে খালিশপুরের শান্তি নষ্ট করতে না পারে।
যুবদল নেতাদের উপস্থিতি
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর ইসলাম জাহিদ, যুবদল নেতা হায়দার আলী, মল্লিক জাহিদুল ইসলাম, ফেরদৌস মাতুব্বর, মনির হোসেন, শফিকুল ইসলাম রাব্বি, সবুজ, সোহেল, মিলন ও ইউনুস মুন্সীসহ অন্য নেতাকর্মীরা।

