মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিডরের ১৯ বছর পরও নিরাপত্তাহীনতায় শরণখোলার উপকূলবাসী

বলেশ্বরের ভাঙনে কমছে নদ ও জনবসতির দূরত্ব, টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের

২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পরও আতঙ্ক কাটেনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উপকূলীয় বাসিন্দাদের। বলেশ্বর নদের অব্যাহত ভাঙনে নদীতীরবর্তী বেড়িবাঁধ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবার জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও বাঁধের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে এখনো টেকসই সমাধান হয়নি। ফলে নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে নতুন করে ঘরবাড়ি ও জীবিকা হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, বলেশ্বর নদের অব্যাহত ভাঙনে ধীরে ধীরে বদলে যাচ্ছে নদটির গতিপথ। একই সঙ্গে নদ ও আশপাশের জনবসতির মধ্যবর্তী নিরাপদ দূরত্ব কমে আসছে। এতে নদীতীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মিত বেড়িবাঁধগুলো ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দা এমিলি বেগম বলেন, “সিডরের সময় চোখের সামনে সব শেষ হয়ে গেছে। এখনো যখন নদীতে পানি বাড়ে, তখন সেই রাতের কথা মনে পড়ে। মনে হয়, আবার বুঝি সবকিছু হারাতে হবে। আমাদের এখানে বাঁধ ভাঙে, আবার মেরামত করে। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। নদী যেভাবে ভাঙছে, তাতে বাড়িঘর নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।”

একই এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, “ঘূর্ণিঝড় সিডরের পর সরকারের কাছে আমাদের একমাত্র দাবি ছিল একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়।”

তিনি আরও বলেন, “তবে এরই মধ্যে বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে আরও কয়েকটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। বেড়িবাঁধের পাশে বসবাসকারী পরিবারগুলো রাতে শান্তিতে ঘুমাতে পারছে না।”

টেকসই বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

স্থানীয় নেতারাও বাসিন্দাদের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে উপকূলীয় মানুষের ঘরবাড়ি ও জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “সিডরের ক্ষত বুকে নিয়েই নতুন করে ঘর বেঁধেছেন অনেকে। কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ সন্তান, কেউবা পুরো পরিবার। কিন্তু ১৯ বছর পরও তাদের জীবনে নিরাপত্তার নিশ্চয়তা আসেনি। একদিকে নদীভাঙন, অন্যদিকে দুর্বল বেড়িবাঁধ। মাঝখানে জীবন বাঁচানোর লড়াই।”

তিনি আরও বলেন, “সিডরের পর টেকসই বাঁধ নির্মাণে অনিয়ম হয়েছে। বলেশ্বরের অব্যাহত ভাঙনে প্রতিদিন বদলে যাচ্ছে নদের গতিপথ, কমছে জনবসতির সঙ্গে নদের নিরাপদ দূরত্ব। ঝুঁকির মুখে পড়ছে বেড়িবাঁধ।”

শহিদুল ইসলামের অভিযোগ, ২০১৬ সালে শুরু হওয়া টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখেই ২০২৩ সালে সিআইপি প্রকল্পের আওতায় নির্মিত বাঁধ পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে নদীভাঙন শুরু হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে নদীশাসনের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, শরণখোলার বগী, গাবতলা ও সাউথখালী এবং মোরেলগঞ্জের আমতলা ও ফাসিয়াতলাসহ বাগেরহাটের বিভিন্ন স্থানে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। কয়েকটি এলাকায় নদীতীর রক্ষায় স্থাপিত ব্লকও বলেশ্বর নদে ধসে পড়েছে। তাৎক্ষণিক ঝুঁকি মোকাবিলায় বর্তমানে দুটি স্থানে জিওব্যাগ ও কংক্রিটের ব্লক দিয়ে জরুরি মেরামতকাজ চলছে।

১১ কিলোমিটার নদীতীর সংরক্ষণের প্রস্তাব

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, “উপকূলের মানুষের এই আতঙ্কের পেছনে বাস্তব ঝুঁকিও রয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে সিআইপি প্রকল্পের আওতায় নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে একসময় নদ থেকে ২০০ থেকে ৪০০ মিটার পর্যন্ত নিরাপদ দূরত্ব বা সেটব্যাক রাখা হয়েছিল। কিন্তু অব্যাহত নদীভাঙনে সেই দূরত্ব কমে বাঁধ নদীর একেবারে কাছাকাছি চলে এসেছে। কোথাও কোথাও বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।”

তিনি বলেন, “এর আগে জাইকার প্রকল্পের আওতায় ৫০০ মিটার নদীতীর সংরক্ষণের কাজ করা হলেও তা পর্যাপ্ত হয়নি। নতুন করে সন্ন্যাসী থেকে বগী পর্যন্ত ২৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ১১ কিলোমিটার নদীতীর সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।”

জয়ন্ত পাল আরও বলেন, ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় নদীতীর সংরক্ষণকাজের পরিমাণ নির্ধারণে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হচ্ছে

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান ইফতেখার বলেন, “প্রাকৃতিক ঘূর্ণিঝড় আঘাত হানলেই উপকূলীয় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। টেকসই বেড়িবাঁধ নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রধান দাবি। প্রতিবছর ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত ও পুনর্নির্মাণের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করছি।”

তিনি আরও বলেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরের মানুষের প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে সরকারের তত্ত্বাবধানে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। এতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই দুর্যোগের ১৯ বছর পরও শরণখোলার উপকূলীয় বাসিন্দাদের কাছে নদীভাঙন ও বেড়িবাঁধের ঝুঁকি বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন