বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,০৮৭

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫২৪ জন; কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২৪ হাজারের বেশি ইয়াবা

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৫২৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ জন সদস্য রয়েছেন।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের আজকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মামলা ও পরোয়ানায় গ্রেপ্তার ৪৮৪ জন

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৯ জন, পূর্ববর্তী মামলায় ১৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৬৪ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১২৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার ইয়াবা-গাঁজা

মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৫৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ এ অভিযানে মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাঁচ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পাশাপাশি ২৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ২৪ হাজার ৩৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা ও নয় বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চট্টগ্রামে ৪২, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় আট, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ছয়, রাঙ্গামাটিতে নয় এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫২৪ জন

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭২ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকি ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৯৬, কক্সবাজারে ২৬, কুমিল্লায় ২০৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, চাঁদপুরে ১৮, নোয়াখালীতে ২৬, ফেনীতে ছয়, লক্ষ্মীপুরে ৬৯, রাঙ্গামাটিতে নয়, খাগড়াছড়িতে ২৭ এবং বান্দরবানে ২৬ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন