প্রাথমিকের ৯৮ ও মাধ্যমিকের ৭০ শতাংশ বই ছাপা শেষ, ১৫ ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষের লক্ষ্য
আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বিনামূল্যের বই ছাপার কাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরের বই ছাপা হয়েছে ৭০ শতাংশ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানোর কাজ শেষ হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন করে যুক্ত হওয়া চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি।
৩১ কোটির বেশি বই ছাপানো হচ্ছে
আগামী শিক্ষাবর্ষের জন্য ৩১ কোটির বেশি নতুন বই ছাপাচ্ছে সরকার। এ জন্য ব্যয় হচ্ছে ১ হাজার ৮৭৯ কোটি টাকা। দেশের ছাপাখানাগুলোতে পুরোদমে চলছে বই ছাপানোর কাজ।
এনসিটিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বই ছাপা শেষ হয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্তরের বই ছাপার অগ্রগতি ৭০ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ছাপাখানাগুলোতে প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা কাজ চলছে। যত দ্রুত সম্ভব সব বই ছাপানোর কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।
নতুন চার বইয়ের ছাপা শুরু হয়নি
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। নতুন বইগুলোর সংখ্যা প্রায় দেড় কোটি। তবে এসব বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি।
এ বিষয়ে মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, ‘এখন পর্যন্ত তিন কোটি বই আটকা আছে। এ ছাড়া সরকার নতুন করে চারটি বই যুক্ত করেছে। এত বই এই সময়ের মধ্যে দিতে পারবে কি না, এটা একটা বিষয়।’
১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষের আশা
সব বইয়ের ছাপার কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক আবু নাসের টুকু। তাঁর আশা, পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই সরবরাহ করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘প্রাথমিকের চেয়ে মাধ্যমিকের বইয়ের কাজ একটু দেরিতে শুরু হয়। তবে আমাদের যে পরিকল্পনা আছে, সে অনুযায়ী অবশ্যই ডিসেম্বরে বই সরবরাহ করা।’

