শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণের ঘটনায় আগেভাগেই ঢাকা ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

শর্ট কোর্স শেষ না করেই দেশে ফিরছেন তাঁরা; দুজন ফিরেছেন, বাকি ছয়জন যাবেন ১৩ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন বুধবার (১১ নভেম্বর) চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়বেন।

বুধবার স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি এবং তাঁদের মতামত নেন।

কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত

চীনের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের কোর্স শেষ করার কথা ছিল। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা ও তাঁদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন।

এ পরিস্থিতিতে শর্ট কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকেই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।

টিকিট নিশ্চিত করেছেন বাকি ছয়জন

স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের উদ্বেগ থেকেই তাঁরা আগেভাগে ফিরে যাচ্ছেন। দুজন ইতোমধ্যে চলে গেছেন। বাকি ছয়জনও দেশে ফেরার টিকিট নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, বুধবার বাকি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন