ওষুধের বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা
স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষায় সহযোগিতা এবং অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তামন্ত্রী নীশা মেহতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। বিশেষ করে বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি নেপালি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় দুই দেশের মন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।
বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

