নির্মাণকাজের জন্য কার্যক্রম সরছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, নতুন ভবনে থাকবে ১৫ তলা ও আধুনিক পরীক্ষাগার
দেশের বৃহত্তম রাজস্ব সংগ্রহকারী কাস্টমস স্টেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬৮৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হচ্ছে। সাতটি অ্যাসেসমেন্ট গ্রুপের মধ্যে একটি গত ১ নভেম্বর থেকে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে। বাকি ছয়টি গ্রুপ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সেখানে স্থানান্তরের কথা রয়েছে।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরিফ আল আমিন জানান, নতুন অবকাঠামো নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত প্রায় তিন বছর এই অস্থায়ী ব্যবস্থা কার্যকর থাকবে।
তিনি বলেন, নির্মাণকাজের সুবিধার্থে বিদ্যমান অবকাঠামো ভেঙে ফেলা হবে। তাঁর মতে, প্রকল্পটি চট্টগ্রাম কাস্টমসের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি কাস্টমস প্রশাসনকে আরও প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ এই কাস্টমস স্টেশনের মাধ্যমে পরিচালিত হয়।
১ হাজার ৬৮৬ কোটি টাকার প্রকল্প
বিশ্বব্যাংকের অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাস্তবায়ন করছে ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। পুরোনো অবকাঠামো প্রতিস্থাপন, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্যে সময় ও ব্যয় কমানো এই প্রকল্পের মূল লক্ষ্য।
২০২৩ সালে অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ১ হাজার ৪৭৫ কোটি ৪৮ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৮৭ দশমিক ৪৯ শতাংশ। বাকি ২১০ কোটি ৯৯ লাখ টাকা সরকার বহন করবে।
চট্টগ্রাম কাস্টমস হাউস, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে প্রায় ১ হাজার ৪১৪ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
১৫ তলা কাস্টমস ভবন ও আধুনিক গবেষণাগার
বিদ্যমান ৬ দশমিক ৭৫ একর জায়গায় নির্মিত হবে গ্রিন বিল্ডিং সনদপ্রাপ্ত নতুন কাস্টমস হাউস। মূল ভবনে থাকবে তিনটি বেসমেন্ট, একটি নিচতলা এবং ১৫টি ওপরের তলা।
এ ছাড়া পৃথক গবেষণাগার ও গুদাম কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে থাকবে একটি বেসমেন্ট, একটি নিচতলা ও ছয়টি ওপরের তলা। এসব স্থাপনায় আধুনিক কাস্টমস ল্যাবরেটরি, প্রশাসনিক কার্যালয়, নথি সংরক্ষণাগার, গুদাম, মসজিদ, প্লাজা ও ক্যাফেটেরিয়ার ব্যবস্থা থাকবে।
নতুন গবেষণাগারের মাধ্যমে আমদানি করা পণ্যের নমুনা পরীক্ষা, পণ্যের ঘোষণা যাচাই এবং ভুল ঘোষণা বা রাজস্ব ফাঁকির মতো অনিয়ম শনাক্ত করার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ জন্য ১২৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১২৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬০২টি ল্যাবরেটরি সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।
ভবনগুলোতে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, জ্বালানিসাশ্রয়ী কুলিং সিস্টেম, বর্জ্য পানি শোধন এবং উন্নত নিষ্কাশনব্যবস্থাসহ বিভিন্ন পরিবেশবান্ধব সুবিধা রাখা হবে।
৩৮ একর জায়গায় নতুন কাস্টমস একাডেমি
প্রকল্পের আওতায় ৩৮ দশমিক ৬৭ একর জায়গায় পৃথক ‘কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি’ গড়ে তোলা হবে। একাডেমি ভবনে থাকবে একটি বেসমেন্ট, একটি নিচতলা ও পাঁচটি ওপরের তলা। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক ডরমিটরি ও আবাসিক সুবিধা থাকবে।
একাডেমি ক্যাম্পাসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসন, তিন ধরনের ডরমিটরি, স্কুল, কেন্দ্রীয় মসজিদ, আনসার ব্যারাক, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রাখা হবে।
মাস্টার প্ল্যানে আরও রয়েছে মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় পুকুর, উন্মুক্ত মঞ্চ, বনাঞ্চল, প্রজাপতি বাগান, উঁচু হাঁটার পথ এবং পরিকল্পিত সবুজ এলাকা।
এই একাডেমির মাধ্যমে কাস্টমস কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগও থাকবে।
পণ্য খালাসের সময় ২৫ শতাংশ কমানোর লক্ষ্য
প্রকল্পে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সারা দেশে কাস্টমস সেবার মান বাড়াতে নীতিগত, প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিকল্পনাও রয়েছে।
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি ও রপ্তানি পণ্য খালাসের গড় সময় ১১ দিন ৬ ঘণ্টা থেকে ২৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রায় শূন্যের কোঠায় থাকা গ্রিন চ্যানেলের মাধ্যমে দ্রুত পণ্য খালাসের হার ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ঝুঁকিভিত্তিক মূল্যায়ন ও কাস্টমস গোয়েন্দা কার্যক্রম জোরদার করে গুরুত্বপূর্ণ সীমান্ত স্টেশনগুলোতে পণ্যের সরাসরি শারীরিক পরীক্ষার হার প্রায় ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশের নিচে নামানোর লক্ষ্য রয়েছে।
এ ছাড়া অটোমেশন ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনের কাস্টমস কার্যালয় ও বন্দরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন অন্তত ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে।
প্রকল্পে প্রথম দিনেই মূল্যায়ন করা আমদানি ঘোষণার হার ৭১ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ এবং রপ্তানি ঘোষণার হার ৩৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিজিটাল সেবা ও ঝুঁকিভিত্তিক মূল্যায়নে গুরুত্ব
এসব লক্ষ্য অর্জনে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটকে শক্তিশালী করা এবং ঝুঁকিভিত্তিক কার্গো বাছাই প্রক্রিয়া উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পণ্য বন্দরে পৌঁছানোর আগেই প্রক্রিয়াকরণ (প্রি-অ্যারাইভাল প্রসেসিং) এবং পণ্য খালাসের পর নিরীক্ষা (পোস্ট-ক্লিয়ারেন্স অডিট) কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
প্রকল্পের আওতায় ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থার উন্নয়ন, ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ (এওইও) কর্মসূচির সম্প্রসারণ এবং বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনায় সংস্কারের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া পাঁচ বছর মেয়াদি শুল্ক যৌক্তিকীকরণ পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের নামমাত্র সুরক্ষার হার (নমিনাল প্রোটেকশন রেট) ২০ শতাংশ কমানোর প্রচেষ্টায় প্রকল্পটি সহায়তা করবে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলছে স্থানান্তর
কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরিফ আল আমিন জানান, আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমস কার্যক্রম স্থানান্তরের প্রক্রিয়া পর্যায়ক্রমে এগিয়ে চলছে। সাতটি অ্যাসেসমেন্ট গ্রুপের মধ্যে একটি ইতিমধ্যে ১ নভেম্বর থেকে অস্থায়ী কার্যালয়ে কাজ শুরু করেছে। বাকি ছয়টি গ্রুপ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সেখানে স্থানান্তরের কথা রয়েছে।
নতুন অবকাঠামো নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত প্রায় তিন বছর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকেই কাস্টমসের কার্যক্রম পরিচালিত হবে।

