বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপিদের জন্য ১,৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ

প্রতি আসনে ৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব, অর্থ আসবে উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের উন্নয়ন তহবিল থেকে

সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার জনগণের তাৎক্ষণিক ও জরুরি প্রয়োজন মেটাতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনের জন্য একজন এমপি ৫ কোটি টাকা করে পাবেন। এ অর্থ উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনগুলোর বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সরাসরি বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

গতকাল (১০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে পাঠানো দুটি পৃথক চিঠিতে এ বরাদ্দের প্রস্তাব দেন।

যেভাবে ভাগ হবে বরাদ্দ

প্রস্তাব অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্যের জন্য ১ হাজার ৩২০ কোটি টাকা এবং সিটি কর্পোরেশন এলাকার প্রতিনিধিত্বকারী ৩৬ জন সংসদ সদস্যের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সব মিলিয়ে ২৮৪টি সংসদীয় আসনের জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে সিনিয়র সচিব উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর সরাসরি ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় জনগণের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা বেড়েছে। সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধারের পর মানুষ ছোটখাটো কিন্তু জরুরি প্রয়োজন নিয়ে সংসদ সদস্যদের কাছে আসছেন। তবে এমপিদের হাতে থাকা ৫ লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়।

কোন কোন খাতে ব্যয় হবে

প্রস্তাবিত বরাদ্দ শিক্ষা খাত, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয়ের কথা বলা হয়েছে।

তবে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, সংসদ সদস্যদের সরাসরি এ অর্থ দেওয়া হলে উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে। একই ধরনের কাজ একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়নের ফলে অর্থ ও প্রকল্পের পুনরাবৃত্তির ঝুঁকিও রয়েছে।

তাঁদের মতে, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। এ ধরনের বরাদ্দ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা খর্ব করার পাশাপাশি সংসদ সদস্যদের আইন প্রণয়ন ও তদারকির মূল দায়িত্ব থেকেও বিচ্যুত করতে পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিবর্তে সরাসরি আইনপ্রণেতাদের হাতে তহবিল তুলে দেওয়া বিকেন্দ্রীকরণের ধারণার পরিপন্থী এবং জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।

প্রতি আসনে পাঁচ বছরে ৫০ কোটি টাকার প্রকল্প

এদিকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নে সরকার আলাদাভাবে ১৬টি প্রকল্প হাতে নিচ্ছে। দেশের আটটি বিভাগের প্রতিটিতে দুটি করে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রতিটি বিভাগের একটি প্রকল্পে শহরাঞ্চলের সংসদীয় আসন এবং অন্যটিতে শহরের বাইরের আসনগুলো অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিটি সংসদীয় আসনের জন্য পাঁচ বছর ধরে বছরে ১০ কোটি টাকা করে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব রয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় রাস্তা, সেতু, কালভার্ট, বাজার ও ফেরি টার্মিনাল নির্মাণকে অগ্রাধিকার দিতে পারবেন। এসব প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পগুলো অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। শিগগিরই এগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

আগেও ছিল বিশেষ বরাদ্দ

অতীতে স্থানীয় অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যরা প্রতিটি আসনের বিপরীতে ১৫ থেকে ২০ কোটি টাকার ‘ব্লক বরাদ্দ’ পেতেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের জন্য বিশেষ অনুদানের মাধ্যমেও অর্থ বরাদ্দ দেওয়া হতো।

চলতি অর্থবছরে সামাজিক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ তহবিলে ৬ হাজার ৫০০ কোটি টাকা রেখেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, এ অর্থবছরে ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের জন্য ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ মূলত সংসদ সদস্যদের প্রস্তাবিত ও সুপারিশ করা স্থানীয় পরিবহন ও যোগাযোগ অবকাঠামো প্রকল্পে ব্যয় করা হবে।

টিআর, কাবিখা ও কাবিটার বরাদ্দও রয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও ‘টেস্ট রিলিফ’ (টিআর), ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) এবং ‘কাজের বিনিময়ে টাকা’ (কাবিটা) কর্মসূচির আওতায় প্রতিবছর বরাদ্দ দিয়ে থাকে।

এসব কর্মসূচির আওতায় সংসদ সদস্যরা চাল, গম ও সমপরিমাণ নগদ অর্থ পেয়ে থাকেন। এসব অর্থ সুবিধাবঞ্চিত মানুষের ঘরবাড়ি মেরামত এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ব্যয় করা হয়। পাশাপাশি সংসদ সদস্যদের পছন্দ অনুযায়ী গ্রামীণ রাস্তা নির্মাণ ও মাটি ভরাটের প্রকল্পও বাস্তবায়ন করা হয়।

এ ছাড়া সংসদীয় আসনগুলোতে সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ ও স্বেচ্ছাধীন তহবিল থেকেও অর্থায়ন করা হয়।

চলতি অর্থবছরের বাজেটে সিটি কর্পোরেশন এলাকার বাইরে অবস্থিত সংসদীয় আসনগুলোতে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব আসনে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিনিধিত্ব করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন