দোকানের কাচ ভেঙে সড়কে ছড়িয়ে পড়েছে, আতঙ্কে ভবন থেকে বেরিয়ে আসেন লোকজন | আগামী এক সপ্তাহ শক্তিশালী কম্পনের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর
জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন স্থানের দোকানের কাচের জানালা ভেঙে গেছে। আতঙ্কে ভবন থেকে বাইরে ছুটে আসেন লোকজন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদফতর। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। ভূমিকম্পের পর কয়েকটি আফটারশকেরও খবর পাওয়া গেছে।
বিভিন্ন অঞ্চলে কম্পন, ভাঙল দোকানের কাচ
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। আইচি প্রিফেকচারসহ হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফু অঞ্চলে কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে আইচি অঞ্চলে।
জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের ভাঙা কাচ ও সড়কে ছড়িয়ে থাকা কাচের টুকরো দেখা গেছে। আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে কয়েকজন আহত হয়েছেন।
পরবর্তী কম্পন নিয়ে সতর্কতা
ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন শক্তিশালী কম্পনের বিষয়ে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।
পাশাপাশি ভূমিধস, পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ
জাপান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এ কারণে নাগরিকদের জরুরি খাবার, পানি ও ব্যাটারি মজুত রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে থাকে কর্তৃপক্ষ।

