রবিবার, ৮ নভেম্বর ২০২৬

পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালিত হয়।

শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ-এর সভাপতিত্বে ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম সোহরাবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম আকুল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।

পরে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।
তাঁরা আরও বলেন, সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার সকল সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে একটি করে গাছের চারা প্রদান করা হয়। এর মাধ্যমে সমবায় কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন