রেশন বিতরণে অনিয়ম দূর করা, দুর্নীতির তথ্য উপস্থাপন ও সাজেক ইস্যুতে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের কার্ড দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
শূন্য পদ পূরণ ও দুর্নীতির তথ্য চেয়েছে কমিটি
মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে থাকা শূন্য পদ এবং এসব পদ পূরণে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তরগুলোতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ ও এ বিষয়ে গৃহীত পদক্ষেপ আগামী বৈঠকে জানাতে বলা হয়েছে।
সাজেক ইস্যুতে পদক্ষেপ জানতে চেয়েছে কমিটি
সাজেক ইস্যুতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী বৈঠকে অবহিত করার সুপারিশ করেছে কমিটি।
পাড়াকর্মীদের সম্মানী বাড়ানোর সুপারিশ
পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
ডিসেম্বরে তিন পার্বত্য জেলা পরিষদ পরিদর্শনের সিদ্ধান্ত
আগামী ডিসেম্বর ২০২৬ সালে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি।
এ ছাড়া চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
বৈঠকে কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা অংশ নেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

