প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান; নিয়োগের প্রজ্ঞাপন জারি হয় ২৫ অক্টোবর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২৫ অক্টোবর অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশে পিএসসির সদস্য পদে নিয়োগ
গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ নম্বর উপঅনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগ কার্যকর রাখতে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
দায়িত্বে থাকবেন সর্বোচ্চ পাঁচ বছর
প্রজ্ঞাপনে সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের ১ নম্বর উপঅনুচ্ছেদের বিধান উল্লেখ করে বলা হয়েছে, অধ্যাপক শামীমা সুলতানা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত পিএসসির সদস্য পদে বহাল থাকবেন। এ ক্ষেত্রে যে সময়সীমাটি আগে পূর্ণ হবে, সেটিই কার্যকর হবে।

