৪৫তম বিসিএসের নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কোনো প্রভাব থাকা চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।
রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।
শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার নির্দেশ
কর্মজীবনে সর্বদা শৃঙ্খলা ও চাকরির বিধিমালা মেনে চলার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
তিনি বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কাজ অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় আলাদা। এসব বাহিনীর কর্মকর্তাদের অত্যন্ত সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্ষমতার অপব্যবহার না করার সতর্কবার্তা
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক থাকতে হবে।
পুলিশ ও আনসার ক্যাডারে যোগ দিলেন ৮৪ কর্মকর্তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ১ নভেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন। সব মিলিয়ে এদিন দুই ক্যাডারে নতুন যোগ দেন ৮৪ কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

