অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

ট্যুর অপারেটর ও গাইডদের নিবন্ধন ফি কমানোর উদ্যোগ সরকারের

দেশের পর্যটনশিল্পের বিকাশে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রয়োজনীয় ফি কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার ক্রাউন প্লাজায় বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা জরুরি। ট্যুর অপারেটরদের নিবন্ধনসংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পাশাপাশি বিদেশ থেকে অর্জিত আয়ের বিপরীতে বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি জানান, দেশের পর্যটনশিল্পের উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এতে ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এসব পর্যটনকেন্দ্র পর্যায়ক্রমে উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যটনসেবার মানোন্নয়ন, নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এ সময় তিনি জানান, আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। একই মাস থেকে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল আয়োজনের প্রস্তুতিও চলছে।

মন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটনশিল্প গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন