সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও প্রতিনিধি দল বিনিময়ে গুরুত্ব; ২৩ নভেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আইপিইউ সম্মেলনে সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ
তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের প্রার্থী ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।
তিনি বলেন, আন্তর্জাতিক সংসদীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমর্থন সংসদীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণ ও প্রতিনিধি দল বিনিময়ে আলোচনা
বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদ সদস্যদের প্রতিনিধি দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন স্পিকার ও পাকিস্তানের হাইকমিশনার।
এ ছাড়া পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। সংসদীয় কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
সংসদ অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ
স্পিকার আসন্ন জাতীয় সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে আমন্ত্রণ জানান।
এদিকে পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। সফরটি দুই দেশের সংসদীয় পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

