অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ, ৪৫তম বিসিএসের ৪৬ কর্মকর্তার উদ্দেশে বক্তব্য

নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব মেধা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কর্মকর্তাদের সিদ্ধান্ত ও দায়িত্বশীলতার ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।

রোববার (১ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের মৎস্য ও পশুসম্পদ ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের তাগিদ

মন্ত্রী বলেন, একজন সরকারি কর্মকর্তার কর্মজীবন প্রায় ২৫ থেকে ৩২ বছরের। এ দীর্ঘ সময়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে তাঁদের। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আগামী প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের পাশাপাশি এসব উৎপাদনে ব্যবহৃত উপকরণও নিরাপদ করতে হবে। বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, খাদ্যের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে প্রবেশ করায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জীবনের প্রতিটি ধাপে সাফল্য অর্জনে সংগ্রাম, অধ্যবসায় ও নিষ্ঠার প্রয়োজন। কর্মক্ষেত্রেও কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে এবং নৈতিকতার সঙ্গে রাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সরকারি দায়িত্ব পালনে আইন ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

উপস্থিত ছিলেন ৪৬ নবীন কর্মকর্তা

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মৎস্য ক্যাডারের নবযোগদানকৃত ২৫ জন এবং পশুসম্পদ ক্যাডারের ২১ জন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন