সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতার আবেদন কার্যতালিকায়, গত ২ অক্টোবর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন তিনি
বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে তাঁর আবেদনটি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত রয়েছে।
ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার
এর আগে গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকায় নিজের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তারের পর কয়েক দফা জামিনের আবেদন করলেও তিনি ইতিবাচক সাড়া পাননি। এবার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি।
বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে মামলা
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকিতে গড়ায়।
পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

