জেলা-উপজেলায় হবে যুবমেলা; ১ নভেম্বর জব ফেয়ারে ৩ থেকে ৫ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের কর্মসংস্থানের উদ্যোগ
শেষ মুহূর্তে মাঠের বরাদ্দ বাতিল হওয়ায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবার জাতীয় যুবমেলা হচ্ছে না। তবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে যুবমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় যুব দিবসের আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
৭ নভেম্বরের অনুষ্ঠান ঘিরে বরাদ্দ বাতিল
পুরাতন বাণিজ্য মেলা মাঠে সাত দিনব্যাপী জাতীয় যুবমেলা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ঘিরে সকালে মাঠটির সব বরাদ্দ বাতিল করে দেয় গণপূর্ত মন্ত্রণালয়।
এ কারণে রাজধানীতে নির্ধারিত স্থানে জাতীয় যুবমেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
১ নভেম্বর জব ফেয়ার, চাকরির সুযোগ পাবেন ৩ থেকে ৫ হাজার যুবক
যুবাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ১ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জব ফেয়ারের আয়োজন করা হবে। এতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।
প্রতিমন্ত্রী জানান, এ জব ফেয়ারের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ হাজার থেকে ৫ হাজার যুবকের চাকরির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় যুব দিবস উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় যুব দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৩১ অক্টোবর সকালে শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
১৪ জনকে দেওয়া হবে জাতীয় যুব পুরস্কার
যুবাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে ১৪ জনকে। তাঁদের মধ্যে চারজন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী রয়েছেন।
জাতীয় যুব দিবসের আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান প্রতিমন্ত্রী।

