শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইতালিতে বাসের সঙ্গে স্কুটারের সংঘর্ষে বাংলাদেশি যুবক নিহত

বারি শহরে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনা; মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

ইতালির বারি শহরে বাসের সঙ্গে ইলেকট্রনিক স্কুটারের সংঘর্ষে জিয়াউর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে শহরটির কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমানের বাড়ি ফেনী জেলায়। তিনি বারি শহরের একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘লা রেপুব্লিকা’ ও ‘কোতিদিয়ানো দি পুলিয়া’-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনা

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনের মতো কাজ শেষে ইলেকট্রনিক স্কুটার বা মনোপাত্তিনো চালিয়ে বাসায় ফিরছিলেন জিয়াউর। শহরের কোরসো ভিত্তোরিও এমানুয়েলে ও পিয়াচা মাসসারির মাঝামাঝি এলাকায় পৌঁছালে গণপরিবহন সংস্থা ‘আমতাব’-এর একটি বাসের সঙ্গে তাঁর স্কুটারের সংঘর্ষ হয়।

বাসটি ডান দিকে মোড় নেওয়ার সময় স্কুটারটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই জিয়াউর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

দুঃখ প্রকাশ করেছে পরিবহন সংস্থা

এ ঘটনায় শোক প্রকাশ করেছে বাস পরিচালনাকারী গণপরিবহন সংস্থা ‘আমতাব’। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতে সংস্থাটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং তদন্তকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।

প্রাথমিক তথ্যে আমতাব জানিয়েছে, বাসটি নির্ধারিত রুট ও নিয়ম মেনে চলছিল। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।

দুই বছর আগে ইতালি গিয়েছিলেন জিয়াউর

উন্নত জীবনের আশায় প্রায় দুই বছর আগে ইতালি পাড়ি জমান জিয়াউর রহমান। সেখানে একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন তিনি।

রোমের বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন