রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসকদের অংশ নিতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীদের নির্বাচনে প্রার্থী হতে দেওয়া যাবে না।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে এ লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ দেওয়া প্রশাসককে বিএনপির পক্ষ থেকে মেয়রপ্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে নিয়োগপ্রাপ্ত কোনো প্রশাসককে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

জাতীয় সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সংসদে বিরোধী দলের মতামত ও জনগণের প্রত্যাশার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এমন পরিস্থিতিতে বর্তমান সংসদ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপির এই নেতা। পাশাপাশি জ্বালানি খাতের সংকট মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। চলমান সংশোধন প্রক্রিয়াকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানান তিনি।

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন