রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসএমপির উদ্যোগে এবং মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

উদ্বোধন শেষে পুলিশ কমিশনার নিজেও ম্যারাথনে অংশ নেন। প্রতিযোগিতায় এসএমপির বিভিন্ন ইউনিটের নারী ও পুরুষ পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় পুরুষদের জন্য ৫ দশমিক ৫০ কিলোমিটার এবং নারীদের জন্য ৩ দশমিক ৫০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করা হয়।

অংশগ্রহণকারীদের বয়স ও লিঙ্গভিত্তিক তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো নারী পুলিশ সদস্য, ৪০ বছরের কম বয়সী পুরুষ পুলিশ সদস্য এবং ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী পুরুষ পুলিশ সদস্য।

প্রতিটি বিভাগ থেকে পাঁচজন করে মোট ১৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করা সব অংশগ্রহণকারীকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন এবং অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন।

এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তারসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে শারীরিক সক্ষমতা, সুস্থ জীবনযাপন এবং পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় সংহতি বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন