সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

উন্নতির পথে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থা

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রক্তশূন্যতার সমস্যা কেটে গেছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং আগের তুলনায় সুস্থ বোধ করছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে, যা শনিবার সম্পন্ন করার কথা রয়েছে। এসব পরীক্ষা শেষে চিকিৎসকেরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে। ভূমিমন্ত্রী দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গত ২১ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিরা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার আরও উন্নতি এবং দ্রুত পূর্ণ সুস্থতার প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন