সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ভালুকায় সরকার নিয়ে মন্তব্যের জেরে নারী আটক, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে মন্তব্যের জেরে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সাথী আক্তার ওই এলাকার একটি বিউটি পার্লারের মালিক।

রোববার সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী আক্তার সম্প্রতি তাঁর বিউটি পার্লারে বসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর বক্তব্যের ভিডিও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

তবে সাথী আক্তারের বক্তব্যের প্রেক্ষাপট ছিল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ। ঘটনার দিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে সাথী আক্তার জানান, প্রায় ১৪ বছর ধরে তিনি ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু সম্প্রতি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, গত দুই মাসে তাঁর প্রতিষ্ঠান এবং খাদিজা প্লাজার অন্যান্য দোকান থেকে কয়েক দফায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সর্বশেষ তাঁর দুটি শোরুম থেকে প্রায় ২৪ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতি ও ভোগান্তির মুখে পড়েছেন।

ভিডিওতে নিজের রাজনৈতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। একপর্যায়ে বিএনপি সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “এই বিএনপি সরকাররে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী!”

ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, “খুব আগ্রহ কইরা এবারে ভোট দিছিলাম, খুব খুব আনন্দ কইরা ভোট দিছিলাম।”

এরপর তিনি এলাকায় চুরি বেড়ে যাওয়ার অভিযোগ তুলে নিজের অসন্তোষের কথা জানান।

সাথী আক্তারের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তাঁর প্রতিষ্ঠানে গিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চান। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

তবে সাথী আক্তারের বিরুদ্ধে কী ধারায় মামলা করা হবে বা তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির অভিযোগের বিষয়টিও সামনে এসেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন