সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধ ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিসানের বয়স ২৩ বছর। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কে। তিনি ওই এলাকার আলী আকবরের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বেড়াতে যান। পরে আঁচল ছাড়া বাকি চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন।
এ সময় জিসান হঠাৎ নদীর পানিতে তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা বন্ধুরা চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে তাঁকে উদ্ধারে অভিযান শুরু হয়।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালানো হলেও জিসানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা।
সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। পরে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
জিসানের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

