মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত, হোটেল মালিককে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অভিযোগে ১৮ কেজি মাছ জব্দ, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রিতে আরেক প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে একটি হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়। একই এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইলিশ মজুত ও বিক্রিতে জরিমানা

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরভৈরবী মাছঘাটসংলগ্ন এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রি করছিল ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি খাবারের দোকান। এ অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়।

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি

একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন