অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাজশাহী রেঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৫, উদ্ধার বিপুল মাদক

রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার রাজশাহী রেঞ্জ পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্যমতে, রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ৭৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ৮৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ২ জন রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার বিপুল মাদক

অপরাধ দমনের পাশাপাশি মাদকবিরোধী অভিযানেও জোর দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। মাদক কারবার ও সেবনের অভিযোগে পৃথকভাবে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি বার্মিজ চাকু, ১ গ্রাম হেরোইন, ২৬০ পিস ইয়াবা, ২৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা এবং ১১০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়।

৬৭টি মামলা, তিনটি হত্যা ও একটি চুরির

পুলিশের অভিযান চলাকালে বিভিন্ন ধরনের অপরাধে মোট ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা এবং একটি চুরির মামলা রয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আরও ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারটি অপমৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এ সময়ে ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের মতো কোনো অপরাধ নিবন্ধিত হয়নি।

২৪ ঘণ্টায় পুলিশি সেবা পেয়েছেন ১,০১৫ জন

অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটের মাধ্যমে মোট ১ হাজার ১৫ জন সেবাগ্রহীতাকে পুলিশি সেবা দেওয়া হয়েছে।

চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত মোট ২ হাজার ৯৫৭ জন সেবাগ্রহীতা পুলিশের বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছেন।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন