অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক ১

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। প্রথমে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির পেছনে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ শনাক্ত করে জব্দ করা হয়।

বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন জানান, তাঁরা আগে থেকেই ওই এলাকায় গাঁজাচাষের বিষয়ে জানতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গাঁজাগাছ দেখতে পান তাঁরা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তিনটি গাঁজাগাছ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বসতবাড়ির আশপাশে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের চাষ ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন