আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ঢাকা-খুলনা-যশোর হয়ে কুষ্টিয়ায় গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।
বৈঠকে লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ ছাড়া কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, কামাল হোসেন এমপিসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

