অনুসরণ করুন:
শনিবার, ৩ অক্টোবর ২০২৬

আমেরিকান কোম্পানিতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার মাধ্যমে ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. তানভির হাসান (২৮)। তার বাড়ি রাজধানীর দক্ষিণখানের আজমপুর এলাকায়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। গত বছরের ৯ আগস্ট ফেসবুকে আমেরিকার বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে কাজের বিজ্ঞপ্তি দেওয়া একটি পেজের সন্ধান পান তিনি। আগ্রহী হয়ে পেজে দেওয়া বিদেশি একটি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

একপর্যায়ে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে আমেরিকার একটি প্রতিষ্ঠানে চাকরির ভুয়া অফার লেটার পাঠায়। চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা পাঠাতে বলা হয়। ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগী মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান বলে মামলার তথ্য থেকে জানা যায়।

পরবর্তীতে আরও অর্থ দাবি করা হলে ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে চাকরির অফার লেটারসহ পুরো বিষয়টি প্রতারণা বলে বুঝতে পেরে যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মোবাইল নম্বর থেকে ব্লক করে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী তেজগাঁও থানায় গত ১০ জুন ২০২৬ তারিখে মামলা করেন। মামলাটি প্রথমে তেজগাঁও থানায় রুজু হলেও পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় তদন্তের জন্য সিআইডিতে ন্যস্ত করা হয়।

সিআইডি জানায়, মামলাটি তদন্তকালে সংশ্লিষ্ট তথ্য ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের প্রকৃত ঠিকানা শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভির হাসানকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো আলামত জব্দ করা হয়নি।

গ্রেপ্তার তানভির হাসানকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন