শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার হাতুর ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন শ্রী জয় কুমার উড়াও (৩৫)। তিনি মহাদেবপুর উপজেলার বিলশিকারী গ্রামের মৃত পেরেশ চন্দ্র উড়াওয়ের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাতুর ইউনিয়নের শিকারপুর গ্রামে মাদকদ্রব্য তৈরির উপকরণ সংরক্ষণের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’ উদ্ধার করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জয় কুমার উড়াওকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদক তৈরির উপকরণ উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন